শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬

সৌদি, কাতার ও আমিরাতের সঙ্গে ড্রোন চুক্তির কথা জানালেন জেলেনস্কি

সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে একটি ‘ড্রোন চুক্তি’ স্বাক্ষরের তথ্য প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এই চুক্তির মূল লক্ষ্য হলো উপসাগরীয় দেশগুলোতে সাশ্রয়ী ড্রোন এবং ড্রোন ইন্টারসেপ্টর তৈরিতে সহায়তা করা।

গত মাসের শেষের দিকে জেলেনস্কি উপসাগরীয় দেশগুলো সফর করেছিলেন। তবে ওই সময় চুক্তির বিষয়বস্তু নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

জেলেনস্কি বলেন, ‘ইরানের নকশায় তৈরি স্বল্পমূল্যের শাহেদ ড্রোনগুলো ৮০ হাজার থেকে ১ লাখ ৩০ হাজার ডলারে পাওয়া যায়। এগুলো ধ্বংস করতে ৩-৪ মিলিয়ন ডলার মূল্যের ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই, বরং ১০ হাজার ডলার মূল্যের ইন্টারসেপ্টর ব্যবহার করেই তা সম্ভব।’

তিনি আরও জানান, উপসাগরীয় দেশগুলোকে নিজেদের সুরক্ষায় সহায়তা করতেই তিনি এই উদ্যোগ নিয়েছেন।

এ মাসের শুরুর দিকে জেলেনস্কি জানিয়েছিলেন, ড্রোন প্রযুক্তি বিনিময়ের বিপরীতে ইউক্রেন তার জ্বালানি অবকাঠামো রক্ষার জন্য বিমান প্রতিরক্ষা অস্ত্র, তেল, ডিজেল এবং কিছু ক্ষেত্রে আর্থিক সহায়তা পাবে।

তবে ইউক্রেনীয় কর্মকর্তারা এখনও এই চূড়ান্ত চুক্তির বিস্তারিত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেননি।

সূত্র: এপি

Translate