বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ লক্ষ্য অর্জনে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হচ্ছে বলে জানান তিনি।
রবিবার ঢাকার হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ‘রোহিঙ্গা সংকট: টেকসই প্রত্যাবাসন ও আঞ্চলিক সমাধানের পথ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। সেমিনারের আয়োজন করে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (এফএসডিএস)।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশের একক প্রচেষ্টা যথেষ্ট নয়। চীন, আসিয়ান, জাতিসংঘ, জাপানসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বয়ে কৌশলগত আঞ্চলিক উদ্যোগ প্রয়োজন। জাপান সরকার এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। চলতি মাসের শেষ দিকে প্রধানমন্ত্রীর জাপান সফরে প্রত্যাবাসন নিয়ে আরও আলোচনা হতে পারে।
রাখাইন রাজ্যের পরিবর্তিত ভূরাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, সেখানে মিয়ানমারের সরকারি বাহিনীর পাশাপাশি আরাকান আর্মিরও উল্লেখযোগ্য নিয়ন্ত্রণ রয়েছে। এ পরিস্থিতিতে বিভিন্ন কূটনৈতিক মাধ্যমে সমাধানের পথ খোঁজা হচ্ছে। শান্তিপূর্ণ প্রত্যাবাসনকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশ কূটনৈতিক সংলাপ অব্যাহত রাখবে।
সেমিনারে সভাপতিত্ব করেন এফএসডিএসের চেয়ারম্যান মেজর জেনারেল ফজলে এলাহী আকবর (অব.)। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।