নিম্নমানের খাদ্যশস্য গ্রহণের সুযোগ নেই: খাদ্যমন্ত্রী

আমদানিকৃত গমের গুণগত মান যাচাইয়ে নির্ধারিত প্যারামিটার ও মানদণ্ড কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেছেন, পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে, যাতে কোনো অবস্থাতেই নিম্নমানের খাদ্যশস্য গ্রহণ বা সরবরাহের সুযোগ না থাকে।

রবিবার চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা বহির্নোঙরে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গমবাহী জাহাজ ‘এমভি স্প্রীং স্কাই’ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য আমদানি, পরিবহন, সংরক্ষণ, পরীক্ষা ও বিতরণের প্রতিটি পর্যায়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। খাদ্যশস্যের মান যাচাই ও প্রতিবেদন তৈরিতে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয়, জবাবদিহি ও দক্ষতা বাড়াতে হবে।

তিনি আরও বলেন, জনগণের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা একটি জাতীয় দায়িত্ব। এ ক্ষেত্রে সততা, পেশাদারত্ব ও জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

Translate