রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি জানান, অবিলম্বে এ যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। কিয়েভ বা মস্কোর পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে দাবিটির সত্যতা নিশ্চিত করা হয়নি।
এদিকে, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছাতে ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পরামর্শ দিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে রাশিয়ার তেল শোধনাগার ও ডিজেল উৎপাদনকেন্দ্রে ইউক্রেনের হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। ট্রাম্পের মতে, এসব স্থাপনায় হামলা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে সমস্যা তৈরি করতে পারে।
শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, রাশিয়ার সঙ্গে চুক্তিতে পৌঁছাতে সক্ষম এমন নেতৃত্ব ইউক্রেনের প্রয়োজন। তাঁর দাবি, সমঝোতার একাধিক সুযোগ থাকলেও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেগুলো কাজে লাগাননি।
এর আগে ট্রাম্প দাবি করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার পর রাশিয়া যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক বাজারে বিপুল পরিমাণ ডিজেল সরবরাহে সম্মত হয়েছে। সূত্র: রয়টার্স