রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৫০।

মিয়ানমারের রাখাইন রাজ্যের কিয়াউকতাও টাউনশিপে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছেন। সোমবার একটি সেতু ও জনবহুল বাজারে এ হামলা চালানো হয় বলে স্থানীয় সংবাদমাধ্যম দ্য ইরাবতীর বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে।

কিসসাপনাদি বা কালাদান সেতু এবং ‘ইন্ডিয়ান মার্কেট’ নামে পরিচিত বাজারে বোমা হামলা চালানো হয়। হামলার সময় বাজারে পথচারী, ক্রেতা ও শ্রমিকদের ভিড় থাকায় হতাহতদের মধ্যে সাধারণ মানুষও রয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, বিরোধী গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা কিয়াউকতাওয়ে এটি সাম্প্রতিক সময়ের অন্যতম প্রাণঘাতী হামলা। ২০২১ সালে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে চলমান সংঘাতের মধ্যে রাখাইনসহ বিভিন্ন অঞ্চলে নিয়মিত সংঘর্ষ ও সামরিক অভিযান চলছে।

Translate