জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ঘটনার সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। ফলে তিনি অক্ষত রয়েছেন। তবে কারা ও কী কারণে গুলি চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ওসি আরও জানান, আসিফ আকবরের ব্যক্তিগত বা পেশাগত কোনো বিরোধের সঙ্গে ঘটনার যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার কারণ উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত চালাচ্ছে।
এ বিষয়ে আসিফ আকবরের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংগীতাঙ্গনের পাশাপাশি ক্রিকেট অঙ্গনেও পরিচিত মুখ তিনি। বিসিবির সাবেক পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।