ইরানে আবারও সামরিক অভিযানের ইঙ্গিত দিলেন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে আবারও ‘এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ফ্লোরিডার এক সমাবেশে তিনি বলেন, যুক্তরাষ্ট্র হয়তো আবারও ছোট পরিসরে এ অভিযান চালাতে পারে। তবে অভিযানের সময় বা লক্ষ্য সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় জ্বালানির দাম বেড়েছে, যা যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে প্রভাব ফেলতে পারে। এর আগে ট্রাম্প বলেছিলেন, মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না। নতুন বক্তব্যে আবারও অভিযানের সম্ভাবনা তুলে ধরায় তাঁর আগের অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র চাইলে দ্রুত যুদ্ধের অবসান ঘটাতে পারে। হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা যা চাই, সবই পাচ্ছি।’ তবে সংঘাতের ভবিষ্যৎ গতিপথ নিয়ে তিনি স্পষ্ট কোনো সময়সীমা জানাননি।

Translate