বৃহস্পতিবার ১৮ই জুন, ২০২৬

পতেঙ্গায় এক ট্রাক ইলেকট্রনিকস পণ্যসহ ২ চোরাকারবারি আটক

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এক ট্রাক ইলেকট্রনিকস সামগ্রীসহ দুই চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে নামিয়ে শুল্ক ফাঁকি দিয়ে বাজারজাতকরণের উদ্দেশ্যে এসব পণ্য নিয়ে যাচ্ছিল চোরাকারবারিরা।

 

বৃহস্পতিবার (১৮ জুন) ভোররাত ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

 

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সুমন আল মুকিত এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, একটি অসাধু চক্র পতেঙ্গা থানাধীন ১০নং ঘাটে অবস্থানরত বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ ইলেকট্রনিক্স সামগ্রী খালাস করবে এমন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়।

 

অভিযান চলাকালে সন্দেহজনক একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১০ লাখ ৫২ হাজার ৮০০ টাকার একটি ফ্রিজ, একটি ড্রিপ ফ্রিজ, দুইটি ওয়াশিং মেশিন, একটি পোর্টেবল এসি, চারটি ফুল ইউনিট এসি, একটি আউটডোর এসি ও চোরাচালান কাজে ব্যবহৃত ট্রাকসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়। জব্দ করা আলামত ও আটক চোরাকারবারিদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Translate