দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে তিন জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। পাশাপাশি পাঁচটি ট্রেনের নির্ধারিত বিরতির দিন (অফ-ডে) প্রত্যাহার করা হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা-চট্টগ্রাম রুটে ২০ অক্টোবর ঢাকা স্পেশাল-৩, ঢাকা-কক্সবাজার রুটে ২০, ২৩ ও ২৪ অক্টোবর ট্যুরিস্ট স্পেশাল-১ ও ২ এবং ঢাকা-চট্টগ্রাম রুটে ২৪ অক্টোবর চট্টগ্রাম স্পেশাল-৪ চলাচল করবে। কক্সবাজার এক্সপ্রেস, জাহানাবাদ এক্সপ্রেস, রূপসী বাংলা এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস ও মধুমতি এক্সপ্রেসের নির্দিষ্ট দিনের অফ-ডেও প্রত্যাহার করা হয়েছে।
যাত্রীচাপ সামলাতে পূর্বাঞ্চলে ২৩টি মিটারগেজ ও পশ্চিমাঞ্চলে ছয়টি ব্রডগেজ কোচ যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ট্রেনের সময়ানুবর্তিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ স্টেশনে তদারকি, রেলপথ ও সেতুতে নিরাপত্তা টহল এবং ইঞ্জিন-কোচের রক্ষণাবেক্ষণ জোরদার করা হবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে রিলিফ ট্রেন।
এ ছাড়া প্রধান স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার এবং ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর রেলস্টেশনে ১৯ ও ২০ অক্টোবর ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের ব্যবস্থা রাখা হয়েছে। রবিবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।