উন্নয়ন প্রকল্পে জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থ ও মানুষের কল্যাণে ব্যয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে সরকারি কর্মকর্তাদের সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি।

রবিবার বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম ও উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, প্রকল্পের লক্ষ্য অর্জনে সরকার বাজেট বরাদ্দ দেবে। তবে সেই অর্থ যথাযথভাবে ব্যয় হচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে।

সরকারি দায়িত্বকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার সুযোগ হিসেবে উল্লেখ করে তিনি কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের ভিত্তিতে কর্মকর্তাদের আরও খোলামেলাভাবে মতামত দেওয়ার পরামর্শ দেন।

সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সচিব দেলোয়ার হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Translate