মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬

দক্ষিণ কোরীয় অভিনেতা লি সাং-বো’র আকস্মিক মৃত্যু

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা লি সাং-বো মারা গেছেন। গেয়ংগি প্রদেশের পিয়ংতায়ক নিজ বাসভবনে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর।

মাদক সংক্রান্ত একটি বিতর্কিত মামলায় নির্দোষ প্রমাণিত হওয়ার কয়েক বছর পরই এই প্রতিভাবান অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ তার ভক্তরা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দক্ষিণ কোরিয়ার স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে পরিবারের এক সদস্য অভিনেতার মরদেহ উদ্ধার করেন। পুলিশ জানিয়েছে, তার শরীরে কোনো আঘাত বা অস্বাভাবিক চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।

রোববার (২৯ মার্চ) সকাল ১০টা ৩০ মিনিটে পিয়ংতায়কের জুংআং ফিউনারেল হোমে অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে।

অভিনেতার আকস্মিক মৃত্যুতে তার ম্যানেজমেন্ট এজেন্সি ‘কোরিয়া ম্যানেজমেন্ট গ্রুপ’ এক বিবৃতিতে জানিয়েছে, পরিবারের অনুরোধে তারা মৃত্যুর কারণ প্রকাশ করতে পারছে না। মূলত শোকসন্তপ্ত পরিবারের গোপনীয়তা রক্ষার জন্যই তারা গণমাধ্যম ও সাধারণ মানুষকে অহেতুক জল্পনা বা ভিড় না করার অনুরোধ জানিয়েছে।

এদিকে লি সাং-বোর মৃত্যুতে ২০২২ সালের সেই আলোচিত মাদক মামলার প্রসঙ্গটি আবারও সামনে এসেছে। সে সময় জনসমক্ষে অসংলগ্ন আচরণের কারণে তাকে মাদক সেবনের অভিযোগে আটক করা হয়েছিল। তবে পরবর্তীতে ফরেনসিক পরীক্ষায় তার শরীরে কোনো অবৈধ মাদকের অস্তিত্ব পাওয়া যায়নি।

পরবর্তীতে জানা যায়, পারিবারিক শোক কাটিয়ে উঠতে তিনি চিকিৎসকের পরামর্শে অ্যান্টি-ডিপ্রেসেন্ট এবং ট্রানকুইলাইজার সেবন করছিলেন, যার প্রভাবেই তার আচরণে পরিবর্তন এসেছিল। পরে পুলিশ সমস্ত অভিযোগ থেকে তাকে অব্যাহতি দিয়ে মামলাটি বন্ধ করে দেয়।

বর্ণাঢ্য ক্যারিয়ার 

১৯৮১ সালে জন্ম নেওয়া লি সাং-বো ২০০৬ সালে ‘ইনভিজিবল ম্যান চই জং সু’ ড্রামার মাধ্যমে অভিনয় শুরু করেন। তার ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ ২০২১ সালের ‘মিস মন্টে-ক্রিস্টো’, যা তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। এছাড়া তিনি ‘প্রাইভেট লাইভস’ এবং ‘দ্য এলিগ্যান্ট এম্পায়ার’-এর মতো জনপ্রিয় সিরিজে অভিনয় করেছেন।

২০২৫ সালে তিনি নতুন এজেন্সির সঙ্গে চুক্তি করেছিলেন এবং নিজের ক্যারিয়ার নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন।

Translate