মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬

প্রাইম মুভার মালিকদের ‘লক আউট’ স্থগিত

সিটি মেয়র, সিএমপি কমিশনারের সঙ্গে ফলপ্রসূ আলোচনার প্রেক্ষিতে ৪৮ ঘণ্টার ‘লক আউট’ কর্মসূচি স্থগিত করেছে চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্লাটবেড ওনার্স অ্যাসোসিয়েশন।

সোমবার (২০ জুলাই) বিকেল সোয়া ৫টায় অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সড়ক মহাসড়কে পণ্য পরিবহন খাতের প্রাইম মুভার ট্রেইলার, ফ্লাটবেড, লো বেড, সেমি লো বেড, ক্রেন ও হেভি ইকুইপমেন্টের ওপর অগ্রিম আয়কর অন্যায্য ও অসহনীয়ভাবে ৫০ হাজার টাকা বাড়ানো হয়েছে। আমাদের ১১ দফা দাবিও আদায় হয়নি।

তাই মঙ্গলবার (২১ জুলাই) ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টার লক আউট কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। মাননীয় মেয়র, সিএমপি কমিশনার ও আমাদের অ্যাসোসিয়েশনের ত্রিপক্ষীয় বৈঠকের পর আমরা কর্মসূচি স্থগিত করেছি।

১১ দফার মধ্যে রয়েছে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বাতিলযোগ্য সাংঘর্ষিক ধারা, উপধারা সংশোধন, প্রাইম মুভার ও ফ্লাটবেড গাড়ির জন্য ওজন ও মাইলের ভিত্তিতে ভাড়া নির্ধারণে সরকারি নীতিমালা প্রণয়ন, আগের রেজিস্ট্রেশন করা প্রাইম মুভার ট্রেইলার বিআরটিএ কর্তৃক একই রেজিস্ট্রেশনের আওতায় আনা ও কনটেইনারবাহী ২০ ফুট গাড়ির নামে ফ্লাটবেড উল্লেখ করা, পুলিশি হয়রানি বন্ধ, ট্যাক্স টোকেন, রুট পারমিটসহ বিভিন্ন করের ওপর ভ্যাট ও ফি প্রত্যাহার করে একক ডকুমেন্টের আওতায় আনা, ভাড়ায় চালিত গাড়ির অগ্রিম আয়কর ১০ হাজার টাকায় নামিয়ে আনা, বিআরটিএ কর্তৃক চালকদের একবারেই পেশাদারি ভারী লাইসেন্স দেওয়া, স্কেল লোড একই নীতিমালার অন্তর্ভুক্ত করা ও ব্রিজে লোড কনট্রোল নামে চাঁদাবাজি বন্ধ, বন্দর এলাকায় প্রাইম মুভার ট্রেইলার টার্মিনাল দেওয়া ইত্যাদি। বন্দর থেকে আমদানি রপ্তানি পণ্যের কনটেইনার ও ভারী পণ্য, যন্ত্রপাতি, শিল্পের কাঁচামাল পরিবহনে প্রাইম মুভার ট্রেইলার ও ফ্লাটবেডের বিকল্প নেই।

এ খাতে ২৪ ঘণ্টার লক আউট কর্মসূচি স্থগিত করায় স্বস্তির নিশ্বাস ফেলেছেন বন্দর ব্যবহারকারী, আমদানি ও রপ্তানিকারকসহ সংশ্লিষ্টরা।

Translate