যমুনা গ্রুপের পৃষ্টপোষকতায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে থাইল্যান্ডের ঐতিহ্যবাহী খেলা মুয়েথাই। খেলাটি বাংলাদেশে প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও কিরগিজস্থানের ৩৪ জন প্রতিযোগী অংশ নিচ্ছে।
শুক্রবার বিকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামীম ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে মুয়েথাই টুর্নামেন্টের স্বপ্নদ্রষ্টা ও প্রধান পৃষ্ঠপোষক ইয়াসিন ইসলাম নাজেল।
‘ডাবলহর্স নকআউট ফাইট নাইট জিরো জিরোট ওয়ান’ নামের প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশের সর্বাধিক ২৭, ভারতের ৩ এবং থাইল্যান্ড ও কিরগিজস্তানের দুজন করে ৩৪ জন ক্রীড়াবিদ ১৭টি ফাইটে অংশ নিচ্ছেন। অ্যামেচার ও প্রফেশনাল দুটি ইভেন্টে ১৭টি বাউটের খেলা হবে। ইতোমধ্যে আট বাউটের খেলা শেষ হয়েছে।
এই আট বাউটে জয়ী হয়েছেন সাবিত আবদুল্লাহ, আরাফাত ওসমান, হোসেন মোহাম্মদ সাদমান, রাদিন আহমেদ, মাহির জিদান, সাইদ মোহাম্মদ এনাম, ইয়াসিন ইসলাম, ফারাহ নওশিন ভুঁইয়া।
বাংলাদেশে প্রথমবার মুয়েথাই টুর্নামেন্ট আয়োজন প্রসঙ্গে ইয়াসিন ইসলাম বলেন, ‘আমি মুয়েথাইসহ অন্য মার্শাল আর্টও খেলে থাকি। সেই খেলা থেকেই আমার ভেতরে একটি দায়িত্ববোধ জাগে এমন একটি টুর্নামেন্ট আয়োজনের। তাই এমন আয়োজন। এটা তো মাত্র শুরু। এটা লিগের মতোই খেলা। আগামী ১০ বছর নিয়মিত এমন টুর্নামেন্ট আয়োজনের ভাবনা রয়েছে আমাদের।’