শনিবার ১৮ই জুলাই, ২০২৬

স্পেন বিশ্বকাপ জিতলে অবসর, কোচের মুখের ট্যাটুও করাবেন কুকুরেয়া

বিশ্বকাপ ফাইনালের আগে চমকে দেওয়ার মতো ঘোষণা দিয়েছেন স্পেনের লেফট-ব্যাক মার্ক কুকুরেয়া। আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন যদি বিশ্বকাপ জিততে পারে, তাহলে পরদিনই জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেবেন তিনি। শুধু তাই নয়, শিরোপা জিততে পারলে কোচ লুইস দে লা ফুয়েন্তের মুখের ট্যাটু করানোর প্রতিশ্রুতিও দিয়েছেন এই ডিফেন্ডার।

ম্যাচের আগে ফরাসি সংবাদমাধ্যম লেকিপকে দেওয়া সাক্ষাৎকারে ২৭ বছর বয়সী মার্ক কুকুরেয়া বলেছেন, ‘যদি আমরা বিশ্বকাপ জিতি, তাহলে পরদিনই আমি লুইস (দে লা ফুয়েন্তে) কে ফোন করে বলবো, আমাকে আর দলে না রাখতে। বলবো জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। ইউরো আর বিশ্বকাপ—এর চেয়ে বেশি তো আর কিছু অর্জন করা সম্ভব নয়।’

চলতি বিশ্বকাপে স্পেনের হয়ে প্রতিটি ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছেন কুকুরেয়া। সাত ম্যাচে মাত্র এক গোল হজম করে ফাইনালে ওঠা স্পেন দলের অন্যতম নির্ভরযোগ্য সদস্য তিনি। এর আগে ২০২৪ সালের ইউরো জেতা দলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই লেফট-ব্যাক।

তিনি শুধু অবসরের ঘোষণাই নয়, বিশ্বকাপ জিতলে কোচ লুইস দে লা ফুয়েন্তের মুখের ট্যাটু করানোর প্রতিশ্রুতিও দিয়েছেন। তার ভাষায়, ‘আমরা যদি বিশ্বকাপ জিতি, তাহলে আমার বাইসেপে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের মুখের ছোট একটি ট্যাটু করাবো।’

Translate