শনিবার ১৮ই জুলাই, ২০২৬

নাগরিক সমস্যা ও অভিযোগ জানাতে চসিকের ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ

প্রযুক্তির সহায়তায় নাগরিকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ওয়ান স্টপ সিটিজেন সার্ভিস অ্যাপ্লিকেশন ও ম্যানেজমেন্ট সিস্টেম বা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ।

আজ শনিবার (১৮ জুলাই) দুপুরে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাপটির উদ্বোধন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

চসিক সূত্রে জানা গেছে, ইস্টার্ন ব্যাংকের অর্থায়নে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই ডিজিটাল প্ল্যাটফর্‌ম। চট্টগ্রামকে একটি স্মার্ট ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার পথে এটিকে এক বড় অর্জন বলে ধারণা করছে চসিক।

কী সেবা মিলবে এই অ্যাপসে?

‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপটি ব্যবহারের মাধ্যমে নাগরিকরা এখন থেকে ঘরে বসেই করপোরেশনের গুরুত্বপূর্ণ সেবাগুলো গ্রহণ করতে পারবেন। মূলত ১০টি প্রধান ক্যাটাগরিতে সরাসরি অভিযোগ জানানোর সুবিধা যুক্ত করা হয়েছে এই অ্যাপে। নাগরিকরা রাস্তাঘাট সংস্কার, মশা নিধন, বর্জ্য ব্যবস্থাপনা, অকার্যকর সড়কবাতি, নর্দমা বা ড্রেনেজ সমস্যা, পাবলিক টয়লেটের বেহাল দশা, অবৈধ স্থাপনা, জলাবদ্ধতা নিরসন এবং শিক্ষা ও স্বাস্থ্য সেবাসংক্রান্ত যেকোনো অভিযোগ ছবিসহ তাৎক্ষণিকভাবে জানাতে পারবেন। অভিযোগ জানানোর পর সেটি কোন পর্যায়ে আছে বা সমাধানের অগ্রগতি কতটুকু, তা ‘ট্র্যাকিং সিস্টেমের’ মাধ্যমে সরাসরি পর্যবেক্ষণ করতে পারবেন ভুক্তভোগী নাগরিকরা।

অ্যাপটির অন্যতম আকর্ষণ হলো এর বিস্তৃত ডিজিটাল সেবা ব্যবস্থা। ব্যবহারকারীরা ঘরে বসেই হোল্ডিং ট্যাক্স পরিশোধ, ট্রেড লাইসেন্স নবায়ন, জন্ম নিবন্ধন আবেদন ও রোড কাটিং পারমিশনের মতো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে পারবেন। অ্যাপে যুক্ত করা হয়েছে জাতীয় জরুরি সেবার হটলাইন। এক ক্লিকেই ব্যবহারকারী সরাসরি কল করতে পারবেন এবং অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে তার বর্তমান অবস্থান (লোকেশন) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেবে, যা জরুরি মুহূর্তে প্রাণ বাঁচাতে সহায়ক হবে।

এছাড়া, অ্যাপের মাধ্যমে নিকটস্থ হাসপাতাল, পুলিশ স্টেশন, পার্ক ও সরকারি গুরুত্বপূর্ণ কার্যালয়ের অবস্থান ম্যাপের সাহায্যে খুঁজে পাওয়া যাবে। পাশাপাশি থাকবে আবহাওয়া বার্তা এবং চসিকের বিশেষ সব ঘোষণার আপডেট।

নাগরিক ও প্রশাসনের মধ্যে দূরত্ব কমিয়ে জবাবদিহিতা নিশ্চিত করতে অ্যাপটিতে যুক্ত করা হয়েছে মেয়রের সাথে সরাসরি চ্যাট করার সুযোগ।

শুধু নাগরিকদের জন্যই নয়, চসিক কর্মকর্তাদের কাজের গতি ও স্বচ্ছতা নিশ্চিত করতে অ্যাপটিতে যুক্ত করা হয়েছে বিশেষ ‘অফিসার ড্যাশবোর্ড’ ও ‘ওয়ার্ডভিত্তিক হিট ম্যাপ’। কোন এলাকায় কী ধরনের সমস্যার প্রবণতা বেশি, তা মানচিত্রের মাধ্যমে দেখে দ্রুত ব্যবস্থা নিতে পারবেন সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তারা। এছাড়া প্রতিটি অভিযোগের বিপরীতে থাকবে একটি স্বয়ংক্রিয় টিকিটিং ব্যবস্থা, যা কাজের জবাবদিহিতা শতভাগ নিশ্চিত করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, এই অ্যাপটি নাগরিকদের শহর পরিচালনায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার সুযোগ করে দেবে। এটি রাতারাতি সব সমস্যার সমাধান করবে না, তবে আমরা পর্যায়ক্রমে সব সেবা চট্টগ্রামবাসীর কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর।

Translate