রবিবার ১৯শে জুলাই, ২০২৬

ক্যারিবিয়ান পেসারকে বড় শাস্তি শোনাল আইসিসি

প্যাট কামিন্সকে আউট করে ড্রেসিংরুমের পথ দেখিয়েছিলেন জেইডেন সিলস। তাতেই ক্যারিবিয়ান পেসার ভেঙেছেন আইসিসির আচরণ বিধির ধারা। ব্রিজটাউন টেস্ট চলাকালে শাস্তিও শুনেছেন বড়সড়।  ওয়েস্ট ইন্ডিজের পেসারকে ম্যাচ ফির ১৫ শতাংশ অর্থ জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

আইসিসির আচরণবিধির ২.৫ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন সিলস। এই অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটারের দিকে অপমানজনক ভাষা, আচরণ ও ইঙ্গিত করা, ব্যাটারকে আউট করার পর উত্তেজিত করার মতো প্রতিক্রিয়া দেখালে শাস্তি পেতে হবে।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৫৫তম ওভারের চতুর্থ বলে কামিন্সকে আউট করেছিলেন সিলস। উইকেট নেওয়ার পর হাতের ইশারায় কামিন্সকে ড্রেসিংরুমের পথ দেখিয়েছিলেন সিলস। প্রথম দিনের খেলা শেষে সিলস বলেছিলেন, ‘কোনো কিছুই বোঝাইনি। হতাশা থেকে এমনটা করা। প্যাট (কামিন্স) আমার বলে অনেকগুলো ভালো শট খেলেছে। ড্রেসিংরুমটা কোথায়, সেটাই শুধু দেখিয়েছি।’

সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১৮০ রানে অলআউট হয়েছিল। সেই ম্যাচে টি-টোয়েন্টি মেজাজে ১৮ বলে ২৮ রান করেছিলেন কামিন্স। এই ইনিংসে সিলস ৬০ রানে ৫ উইকেট নিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজ এরপর তাদের প্রথম ইনিংসে গুটিয়ে গিয়েছিল ১৯০ রানে। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ৪৫ ওভারে ৪ উইকেটে ১৪২ রান করেছে।

Translate