গুলিস্তানে আওয়ামী লীগ কার্যালয় পরিষ্কারের উদ্যোগ, টাঙানো হয়েছে নতুন ব্যানার।
প্রায় এক বছর ধরে পরিত্যক্ত থাকা গুলিস্তানে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অবশেষে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। ভবনের সামনে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ নামে দুটি ব্যানার টাঙানো হয়েছে।
দশতলা এই ভবনটি ২০১৮ সালের ২৩ জুন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছিলেন। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই কার্যালয়ে ২০২৪ সালের আগস্টে ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় আগুন লাগানো হয়। এরপর মাসব্যাপী চলে লুটপাট। সেই থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।
গতকাল বুধবার থেকে ভবনের নিচতলা, দোতলা ও তৃতীয় তলা পরিষ্কার করা শুরু হয়। আজ বৃহস্পতিবার বিকেলে দেখা যায়, কয়েকজন শ্রমিক ভবনের বিভিন্ন তলায় জমে থাকা ধ্বংসাবশেষ ও আবর্জনা সরাচ্ছেন। কার্যালয়ের সামনের চেয়ারে বসে থাকা কয়েকজন জানান, ভবনটি পুরোপুরি পরিষ্কার করে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ সঙ্গে যুক্তদের হাতে তুলে দেওয়া হবে। ভবনটির কিছু অংশ আহতদের সহায়তা কেন্দ্র এবং শহীদ পরিবারের কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে বলেও তারা জানান।
স্থানীয় দোকানিরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ভবনের নিচতলা শৌচাগারের মতো ব্যবহার হচ্ছিল। জমে থাকা মলমূত্র থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতো, পাশ দিয়ে চলতে হলে নাক চেপে চলতে হতো।
সাম্প্রতিক এ উদ্যোগে ভবনটির আশপাশে কিছুটা স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন পথচারী ও স্থানীয়রা।