সময় নষ্ট, বলের মাপ-ওজন, ওভারথ্রো, ফিল্ডিং এবং টেস্টের শেষ ওভারসহ ক্রিকেটের বিভিন্ন নিয়মে বড় পরিবর্তন এনেছে আইসিসি। ১ অক্টোবর বা এরপর শুরু হওয়া আন্তর্জাতিক সিরিজগুলোতে নতুন নিয়ম কার্যকর হবে।
নতুন নিয়মে ব্যাটার নির্ধারিত সময়ে বল মোকাবিলার জন্য প্রস্তুত না হলে প্রথমে সতর্ক করা হবে। দ্বিতীয়বার চূড়ান্ত সতর্কবার্তার পর একই ঘটনা আবার ঘটলে প্রতিবার ফিল্ডিং দলকে ৫ রান পেনাল্টি দেওয়া হবে।
পুরুষ, নারী ও জুনিয়র ক্রিকেটের জন্য বলের মাপ ও ওজনের পৃথক নির্দিষ্ট মান চালু হয়েছে। ওভারথ্রো ও ‘বল সেটলড’ হওয়ার বিষয়েও স্পষ্ট নিয়ম করা হয়েছে। রানআউট বা স্টাম্পিংয়ের ক্ষেত্রে বলের ওপর ফিল্ডারের পূর্ণ নিয়ন্ত্রণ থাকার বিষয়টিও নির্দিষ্ট করা হয়েছে।
টেস্ট ক্রিকেটে দিনের ম্যাচে দুই দলের সম্মতিতে গোলাপি বল ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি শেষ ওভারে উইকেট পড়লেও আবহাওয়া ও মাঠ খেলার উপযোগী থাকলে বাকি বলগুলো সেদিনই শেষ করতে হবে।
টি-টোয়েন্টিতে ১৫ মিনিটের ইনিংস বিরতি প্রয়োজন হলে ১০ মিনিট পর্যন্ত কমানো যাবে। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ড্রিংকস বিরতিতে হেড কোচ বা তার মনোনীত প্রতিনিধি মাঠে যেতে পারবেন। ওয়াইড নির্ধারণের ক্ষেত্রেও বল ডেলিভারির মুহূর্তে ব্যাটারের অবস্থানকে ভিত্তি হিসেবে ধরা হবে।