রুশ নিয়ন্ত্রিত ইউক্রেনীয় শহর ওলেশকিতে জরুরি খাদ্য ও ত্রাণ সরবরাহ পৌঁছাতে সহযোগিতা করতে রাজি হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার পোপ লিওর সঙ্গে ফোনালাপে এ বিষয়ে সম্মতি দেন তিনি বলে জানিয়েছে ক্রেমলিন।
ভ্যাটিকান জানায়, শহরটিতে ত্রাণ প্রবেশের সুযোগ দিতে যুদ্ধবিরতির ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছিলেন পোপ। সেখানে খাদ্যসংকট ও মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। তবে ক্রেমলিনের বিবৃতিতে যুদ্ধবিরতির বিষয়ে কিছু বলা হয়নি।
শহরটিতে খাদ্য ও চিকিৎসাসামগ্রীর সংকট নিয়ে রাশিয়া ও ইউক্রেন পরস্পরকে দায়ী করছে। রাশিয়ার দাবি, ইউক্রেন সরবরাহ পৌঁছাতে বাধা দিচ্ছে; অন্যদিকে কিয়েভের অভিযোগ, সরবরাহ আটকে রেখেছে মস্কো।