কক্সবাজারের ইনানী বিচের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, নিহত সবাই পর্যটক। শনিবার সকালে লাগা আগুন নিয়ন্ত্রণে আনার পর ঘটনাস্থল থেকে প্রথমে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আরও চারজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০), মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭), চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) এবং পাঁচ বছর বয়সী ফায়িজান আহম্মেদের পরিচয় জানা গেছে।
আহতদের প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন লাগার সময় রিসোর্টে প্রায় ৩০ জন অবস্থান করছিলেন বলে জানা গেছে। উখিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সকাল ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।