এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে অংশ নিতে ভারতে বাংলাদেশ দল

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে অংশ নিতে আজ সকালে ভারতের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় হকি দল। টুর্নামেন্ট সামনে রেখে বেশ কিছুদিন ধরে নিবিড় অনুশীলন করেছে দলটি। খেলোয়াড়দের ফিটনেস ও কৌশলগত প্রস্তুতিতে বিশেষ গুরুত্ব দিয়েছেন কোচিং স্টাফরা।

দেশ ছাড়ার আগে অধিনায়ক আশরাফুল ইসলাম বলেন, টুর্নামেন্টের জন্য তাঁরা কঠোর পরিশ্রম করেছেন। এশিয়ার সেরা দলগুলোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা চ্যালেঞ্জিং হলেও প্রতিটি ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে দেশের জন্য গৌরব বয়ে আনতে চান তাঁরা।

ভারতের পাঞ্জাবের জলন্ধর ও মোহালিতে ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। লিগ পর্বে বাংলাদেশ পাঁচটি ম্যাচ খেলবে। ২৭ অক্টোবর ভারতের বিপক্ষে, ২৯ অক্টোবর জাপানের বিপক্ষে, ৩০ অক্টোবর মালয়েশিয়ার বিপক্ষে, ১ নভেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং ২ নভেম্বর চীনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

লিগ পর্ব শেষে ৪ নভেম্বর সেমিফাইনাল ও স্থান নির্ধারণী ম্যাচ এবং ৫ নভেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে।

Translate