নগরবাউল জেমস নতুন মৌলিক গান করছেন না। তবে গানের সঙ্গে আছেন নিয়মিত। মঞ্চের দাপটে এখনও তিনি অপ্রতিদ্বন্দ্বী। দেশের কনসার্ট হোক বা বিদেশে, শ্রোতাদের আনন্দ-উন্মাদনায় মাতিয়ে রাখতে তার জুড়ি নেই। এবার তিনি দীর্ঘ দুই মাসের জন্য উড়াল দিয়েছেন ইউরোপে।
গত জুলাইয়ের শেষ সপ্তাহে গান নিয়ে ইউরোপ ট্যুর শুরু করেছেন ‘নগর বাউল’ জেমস। ২৫ জুলাই লন্ডনে কনসার্টের মাধ্যমে শুরু হয় তার এই গান ভ্রমণ। গাওয়ার তালিকায় আছে পর্তুগাল, সাইপ্রাস, রোম, ভেনিস ও সুইডেন।
এই ট্যুরের বিশেষ আকর্ষণ হিসেবে প্রথমবারের মতো পর্তুগালে কনসার্ট করলেন তিনি। ২৬ জুলাই দেশটির রাজধানী লিসবেনে আয়োজিত কনসার্টে অংশগ্রহণ করেন ‘রকস্টার’।
ফলে দেশটিতে লাখ লাখ প্রবাসী বাংলাদেশিরা সরাসরি জেমসের গান শোনার সুযোগ পেয়েছেন।
এদিকে এই সফরে এক যুগ পর আবারও ইতালির রাজধানী রোমে মঞ্চে উঠবেন জেমস। ১৬ আগস্ট ইতালির রোমে অনুষ্ঠিত হবে এই কনসার্ট।
জেমসের ট্যুরের দ্বিতীয় আয়োজন থাকছে জলের ওপর ভাসমান শহর ভেনিসে। আগামী ৫ সেপ্টেম্বর সুইডেনে একটি কনসার্টে অংশগ্রহণ করবেন তিনি। জেমসের মুখপাত্র ও নগর বাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, সবগুলো কনসার্ট আয়োজন করেছে স্থানীয় ইভেন্ট অর্গানাইজাররা। যে কারণে কনসার্ট সংখ্যা আরও বাড়তে পারে, যার আভাস মিলেছে আয়োজকদের পক্ষ থেকে।
রবিন বলেন, ইউরোপসহ অন্যান্য মহাদেশে এমন ধারাবাহিক কনসার্ট করার অভিজ্ঞতা রয়েছে জেমসের। প্রতিটি সফরে দেখা গেছে, শো নির্দিষ্ট সংখ্যার মধ্যে থাকেনি। দর্শক-শ্রোতাদের আগ্রহে বাড়াতে হয়েছে কনসার্টের সংখ্যা। যেহেতু সংগীতপ্রেমীদের ভালোবাসার আহ্বানে সাড়া দিতেই জেমস দেশ-বিদেশের মঞ্চে ছুটে যান, তাই কনসার্ট সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়টি স্বাভাবিক বলেই মনে করেন।