আওয়ামী লীগ বর্তমানে মিছিল করার চেষ্টা করছে, তারা মূলত চরম ভয়ের মধ্যে আছে এবং তাদের এই কর্মকাণ্ডকে মিছিল না বলে ‘দৌড় প্র্যাকটিস’ হিসেবেই দেখছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করার পর তিনি গণমাধ্যমে এই মন্তব্য করেন।
এর আগে গতকাল সোমবার বিকেলের পর থেকে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় বন্দরনগরী চট্টগ্রামে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
মেয়র বলেন, আমি আজ সকাল থেকেই পুরো শহর ঘুরে দেখেছি এবং কোথাও কোনো রাজনৈতিক মিছিল বা জমায়েত আমার চোখে পড়েনি। আমার মনে হয়, শহরে বিশৃঙ্খল করা কারো উচিত নয় , কারণ বর্তমানে আমরা সবাই বেশ শান্তিতে ও সুন্দরভাবে আছি। তাছাড়া আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব এখন দেশেই নেই, তারা প্রবাসে অবস্থান করছেন। এমন অবস্থায় সাধারণ মানুষকে কোনো ধরনের ঝুঁকির মধ্যে ফেলা মোটেও ঠিক নয়।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে মেয়র বলেন, যেন কাউকে গ্রেপ্তার করার আগে সঠিকভাবে পরিচয় নিশ্চিত করেন। কাউকে যেন সুনির্দিষ্ট কারণ ছাড়া রেন্ডমলি গ্রেপ্তার করা না হয় এবং কেউ যেন অহেতুক হয়রানির শিকার না হয়।