শনিবার ১৮ই জুলাই, ২০২৬

আইপিএলের শুরুর দিকে থাকছেন না তারা

আর কিছুদিন পরই আইপিএল। কিন্তু যাদের ঘিরে টি-টোয়েন্টি লিগটা জমে উঠে তাদের একজনকে শুরুর দিকে মিস করতে যাচ্ছে তারা। লকি ফার্গুসনকে টুর্নামেন্ট শুরুর দিকে পাওয়া যাবে না।

অতি সম্প্রতি বাবা হয়েছেন ফার্গুসন। টুর্নামেন্টের বাকি সময় যোগ দেওয়ার আগে পরিবারের সঙ্গে সময় কাটানোকেই বেছে নিয়েছেন তিনি। আসন্ন আসরের জন্য তাকে রেখে দিয়েছে পাঞ্জাব কিংস।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি আগে তিনি জানিয়েছেন, ‘সম্প্রতি ছেলের বাবা হয়েছি। তাই যতটুকু পারছি ঘরে সময় কাটিয়ে স্ত্রীকে সাহায্য করার চেষ্টা করছি।’

একইভাবে টুর্নামেন্ট শুরুর দিকটা মিস করতে যাচ্ছেন মিচেল স্টার্কও। অস্ট্রেলিয়ার ব্যস্ত আন্তর্জাতিক সূচির কথা বিবেচনায় রেখে সতর্ক পদক্ষেপ নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

৩৬ বছর বয়সী এই পেসারের কাজের চাপের কথা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি অ্যাশেজ সিরিজের পাঁচটি টেস্টেই খেলেছেন, এরপর অংশ নিয়েছেন বিগ ব্যাশ লিগের শেষ পর্যায়েও।

এবারে দিল্লি ক্যাপিটালস তাকে ১১.৭৫ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল। ফলে মৌসুমের শুরুতে তার অনুপস্থিতি দলটির বোলিং আক্রমণে বড় ধরনের শূন্যতা তৈরি করবে।

একই পরিকল্পনার অংশ হিসেবে প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডও টুর্নামেন্টের শুরুর দিকটা মিস করতে যাচ্ছেন। আর হ্যামস্ট্রিং ইনজুরির কারণে পুরো আসর থেকেই ছিটকে গেছেন নাথান এলিস।

Translate