আইনের শাসন সূচকে দুই ধাপ এগিয়ে বাংলাদেশ

ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের (ডব্লিউজেপি) ‘আইনের শাসন সূচক ২০২৬’-এ দুই ধাপ এগিয়ে ১৪৩টি দেশ ও বিচারব্যবস্থার মধ্যে ১২৩তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। দেশটির স্কোর ০.৩৯, যেখানে বৈশ্বিক গড় ০.৫৫। অগ্রগতির দিক থেকে দক্ষিণ এশিয়ায় শীর্ষে থাকলেও সামগ্রিক স্কোর বৈশ্বিক গড়ের নিচে রয়েছে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ। এ অঞ্চলে নেপাল, শ্রীলঙ্কা ও ভারত বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। সূচকের শীর্ষ পাঁচে আছে ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন ও লুক্সেমবার্গ।

আটটি মানদণ্ডের মধ্যে সরকারি ক্ষমতার ওপর সীমাবদ্ধতা, দুর্নীতির অনুপস্থিতি এবং বিধি-বিধানের প্রয়োগ—এই তিন ক্ষেত্রে বাংলাদেশের উন্নতি হয়েছে। বাকি পাঁচটিতে অবনতি হয়েছে। মৌলিক অধিকার রক্ষায় ০.৩১ স্কোর নিয়ে বাংলাদেশ ১৩৩তম এবং দেওয়ানি বিচারে একই স্কোর নিয়ে ১৩২তম অবস্থানে রয়েছে। অন্যদিকে সরকারি ক্ষমতার ওপর সীমাবদ্ধতা মানদণ্ডে ৯৪তম স্থানে রয়েছে দেশটি।

Translate