দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আগের তুলনায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। ২০২৫ ও ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত অপরাধের তুলনামূলক পরিসংখ্যান পর্যালোচনা করে এ সন্তোষ প্রকাশ করেন কমিটির সদস্যরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির পঞ্চম বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে হত্যা, ডাকাতি, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধের তথ্য পর্যালোচনা করা হয়।
অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং মাদক ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপ নিয়েও আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।