অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক: অর্থমন্ত্রী

বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, মন্থর প্রবৃদ্ধি, ঋণের উচ্চ ব্যয় ও বাণিজ্যিক সংরক্ষণবাদের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় সঠিক ও তথ্যনির্ভর নীতি গ্রহণ জরুরি।

শনিবার (৩ অক্টোবর) ইউআইইউতে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় অর্থনীতি বিষয়ক প্রতিযোগিতা ‘ইকনথন ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনালের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২২৪টি দল নিবন্ধন করে।

অর্থমন্ত্রী বলেন, জ্বালানির দাম, বৈদেশিক মুদ্রার চাপ, জলবায়ু পরিবর্তন ও মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় চাপ তৈরি করছে। এসব মোকাবিলায় সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, কর ব্যবস্থার আধুনিকায়ন এবং জনগণের করের অর্থের স্বচ্ছ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, দক্ষতার পাশাপাশি সততা ও মানবিকতা জরুরি। অর্থনীতিকে শুধু পরীক্ষার বিষয় হিসেবে না দেখে অনুধাবন করে দেশের সেবায় কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

Translate