যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চাকরিপ্রার্থীরা। শনিবার (১০ অক্টোবর) বেলা ১২টার দিকে মিরপুর বাংলা কলেজের সামনে, মতিঝিল ও আসাদগেটের আড়ং মোড়ে তাঁরা সড়কে অবস্থান নেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, আগের মতো বর্তমান সরকারের আমলেও নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনা ঘটছে। তাঁরা এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
চাকরিপ্রার্থী আফজাল হোসেন বলেন, দূরদূরান্ত থেকে ঢাকায় এসে পরীক্ষায় অংশ নিতে গিয়ে তাঁরা পরীক্ষা স্থগিতের খবর পান। প্রশ্নফাঁসের কারণে তাঁদের যে ভোগান্তি হয়েছে, তার ক্ষতিপূরণ কে দেবে—এ প্রশ্ন তুলে তিনি জড়িতদের শাস্তি দাবি করেন।