বুধবার ২২শে এপ্রিল, ২০২৬

কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা। ঢাকার ধামরাইয়ে ছোট ভাই প্রকাশ্য দিবালোকে কেটে ফেললো খামারের ৩০০ কলাগাছ। শত্রুতার জেরে শনিবার বেলা ১১টার দিকে এ কলা গাছগুলো কেটে ফেলে ছোট ভাই। উপজেলার সুতিপারা ইউনিয়নের মাকরখোলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ধামরাই থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

ভুক্তভোগী পরিবার জানায়, এলাকার সবেদ আলীর ছেলে তোফাজ্জল হোসেন তুলো মুন্সি আপন মেজো ভাই মোহাম্মদ সাইফুল ইসলামের কাছ থেকে ১২ শতাংশ জমি ১২ বছরের জন্য লিজ নিয়ে কলাগাছের চাষ করে আসছিলেন। কোনো প্রকার বাধা বিঘ্ন ছাড়াই ১০ বছর কলা চাষাবাদ করে আসছেন তুলো মুন্সি। হঠাৎ বেঁকে বসেন তারই আপন ছোট ভাই সৌরভ হোসেন।

লিজের দুই বছর মেয়াদ থাকতেই তিনি তুলো মুন্সির কলা গাছের খামার ছেড়ে দিতে বলেন। তুলো মুন্সি তাতে রাজি না হওয়ায় সৌরভ লোকজন নিয়ে শনিবার বেলা ১১টার দিকে প্রকাশ্য দিবালোকে ওই খামারের ৩০০ কলাগাছ কেটে ফেলেন।

এ ব্যাপারে তোফাজ্জল হোসেন তুলো মুন্সি বাদী হয়ে ছোট ভাই সৌরভ হোসেনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি অভিযোগ করেছেন।

কলাচাষি তোফাজ্জল হোসেন বলেন, আমি আমার মেজো ভাই সাইফুল ইসলামের হিস্যা থেকে ১২ শতাংশ জমি ১২ বছরের জন্য লিজ নিয়েছি। দশ বছর ধরে সেই জমিতে কলা চাষাবাদ করে আসছি। বর্তমানে আমার সব কলাগাছে কলা রয়েছে। কদিন পরে কলাগাছে সারি সারি পাকা কলা শোভা পেত। আমার ছোট ভাই সৌরভ হোসেন উত্তর জমির মালিকানা দাবি করে কলাগাছ কেটে ফেলে আমার ব্যাপক ক্ষতি সাধন করে। এ ব্যাপারে আমার ছোট ভাই সৌরভ হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে ধামরাই থানায় লিখিত অভিযোগ করেছি।

সৌরভ হোসেন বলেন, কলা খামারের ১২ শতাংশ জমির মধ্যে আমার অফিস রয়েছে। মেজো ভাই সাইফুল ইসলাম বড় ভাই তোফাজ্জল হোসেনকে দিয়েছে। বারবার তাকে ছেড়ে দেওয়ার জন্য বলা হলেও তিনি চাষাবাদ অব্যাহত রেখেছেন। এ কারণে আমি কলা গাছ কেটে জমির অবৈধ দখল মুক্ত করেছি। এতে যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে আমি মাথা পেতে নেব। তবুও আমি আমার ন্যায্য পাওনা ছাড়বো না। এই আমার শেষ কথা।

Translate