পার্বত্য জেলা রাঙামাটিতে অনুষ্ঠিত হলো গতি থিয়েটার ঢাকার ১৬তম বর্ষপূর্তি। শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বর্ষপূর্তির অনুষ্ঠানে তথ্যচিত্র, শুভেচ্ছা বক্তব্য, বন্ধুজন সম্মাননা, নাটক ও বাউল গান পরিবেশিত হয়।
থিয়েটারের সভাপতি মনি পাহাড়ীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অঞ্জলিকা খীসা, ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট এর পরিচালক রনেল চাকমা, লেখক ও গবেষক শাওন ফরিদ, তঞ্চঙ্গ্যা থিয়েটারের সংগঠক রন্ত কুমার তঞ্চঙ্গ্যা প্রমূখ।
শুভেচ্ছা বক্তব্যে শিক্ষাবিদ অঞ্জলিকা খীসা বলেন, আজ থেকে দুই দশক আগেও মঞ্চ নাটক নিয়ে মানুষের মধ্যে যে আগ্রহ ছিল তা অনেকটাই কমে গেছে। আকাশ সংস্কৃতি ও ইন্টারনেটের সহজলভ্যতার কারণে মানুষ আর থিয়েটার দেখতে চায় না। এমন প্রতিকুল পরিবেশেও গতি থিয়েটার তাদের নাট্যচর্চা অব্যহত রেখেছে। তাদের এই গতিময় যাত্রা আরো বিকশিত হোক।
রাঙমাটি ক্ষুদ্র নৃগোষ্ঠি সাংস্কৃতিক ইনস্টিটিউট এর পরিচালক রনেল চাকমা বলেন, পাহাড়ের নানা জাতিস্বত্তার মধ্যে নাট্য চর্চার তেমন উদ্যোগ আমরা দেখিনা। উদ্যোগ থাকলে অবশ্যই পৃষ্টপোষকতার কোনো ঘাটতি হবেনা। আমরা চাই পাহাড়ের প্রতিটি জাতিসত্তা তাদের নিজ নিজ সংস্কৃতি চর্চায় থিয়েটারের সাথে যুক্ত হোক। গতি থিয়েটার আমাদের নাট্য চর্চায় আশার আলো দেখাচ্ছে।
গতি থিয়েটারের সভাপতি মনি পাহাড়ী বলেন, ১৬ বছরের পথচলাটা এতোটা সহজ ছিল না। আমরা আমাদের কাজের মাধ্যমে সকল বাঁধা পেরিয়ে যেতে সক্ষম হয়েছি। আমাদের এই দীর্ঘ যাত্রায় বন্ধু হিসেবে সাংবাদিক, কর্পোরেট ব্যক্তিবর্গ ও সংস্কৃতজনদের পাশে পেয়েছি। ভবিষ্যতে একটা ইনস্টিটিউট গড়ার স্বপ্ন দেখি আমরা। যেখানে নাট্যচর্চা ও নাট্য গবেষনার কাজ হবে।
বর্ষপূর্তি অনুষ্ঠানে দুজন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে বন্ধুজন সম্মাননা প্রদান করে গতি থিয়েটার। সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন বাউল শিল্পী সাইফুল ইসলাম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহফুজুল হক।