বুধবার ৩রা জুন, ২০২৬

ইতিহাস থেকে শিক্ষা নিয়ে শান্তি-সমৃদ্ধির পথে এগিয়ে যেতে হবে: প্রধান বিচারপতি

বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ইতিহাসের ভুল-ত্রুটি থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশকে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার এখনই সঠিক সময়। এই সুযোগ কাজে লাগাতে প্রয়োজন সম্মিলিত জাতীয় প্রচেষ্টা।

শুক্রবার (২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ ইতিহাস পরিষদের ১৪তম দ্বি-বার্ষিক আন্তর্জাতিক ইতিহাস সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, “নতুন বাংলাদেশে গণমানুষের যে আশা-আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে ব্যর্থ হলে জাতি হিসেবে আমরা পিছিয়ে পড়বো।”

তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর বিচার বিভাগের প্রতি হারানো আস্থা ফিরিয়ে আনতে একটি সংস্কারমূলক রোডম্যাপ ঘোষণা করা হয়েছে এবং তার বাস্তবায়ন চলছে। ইতোমধ্যে বিচারপ্রার্থীরা এর সুফল পেতে শুরু করেছেন।

বিচারপতি রেফাত আহমেদ বলেন, উচ্চ আদালতে স্বচ্ছ প্রক্রিয়ায় বিচারক নিয়োগ নিশ্চিত করতে সুপ্রিম জুডিশিয়াল এপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে। একইসঙ্গে বিচারক অপসারণ প্রক্রিয়া স্বচ্ছ রাখতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনরুজ্জীবিত করা হয়েছে।

তিনি ইতিহাসের গুরুত্ব তুলে ধরে বলেন, “ইতিহাস কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, এটি ছড়িয়ে আছে সংগ্রহশালা, দলিল, স্থাপত্য ও স্মারকে। ইতিহাস সংরক্ষণে নাগরিকদেরও দায়িত্ব রয়েছে।”

সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তিনি মাতৃভাষায় ইতিহাস চর্চার ওপর গুরুত্বারোপ করেন, যাতে সাধারণ মানুষ সহজে ইতিহাস বুঝতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতিহাস পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, পরিষদের সাধারণ সম্পাদক ড. আবদুল বাছির ও যুগ্ম সম্পাদক ড. সুরাইয়া আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক ড. এ কে এম খাদেমুল হক।

Translate