কেরানীগঞ্জ কারাগারে মোবাইল ও মাদক উদ্ধারে ঝটিকা অভিযান
বিভিন্ন কৌশলে শরীরের ভেতরে লুকিয়ে মোবাইল ফোন কারাগারে প্রবেশ করানো হচ্ছে, যা সাম্প্রতিক অভিযানে ধরা পড়েছে। সোমবার (১০ মার্চ) ঢাকার বকশীবাজারে কারা সদর দফতরে এক সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক সৈয়দ মোতাহের হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, কারাগারকে মাদক ও মোবাইলমুক্ত রাখতে গত তিন মাসে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ২৭৫টি ঝটিকা তল্লাশি অভিযান চালানো হয়েছে। এতে বিপুল পরিমাণ নগদ টাকা, ছোট বাটন ফোন ও মাদক উদ্ধার করা সম্ভব হয়েছে।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর চিঠি প্রকাশ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হয়েছে। তিনি আদালতে চিরকুটটি লিখে প্রিজন ভ্যানে ফেরার সময় ছুড়ে মেরেছেন। তবে নিয়ম অনুযায়ী, প্রতি সপ্তাহে বন্দিরা পরিবারের সদস্য বা উকিলের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সুযোগ পান।
বর্তমানে কারাগারে ১৫১ জন ডিভিশন সুবিধাপ্রাপ্ত বন্দি রয়েছেন। সাবেক মন্ত্রী, উপমন্ত্রী, এমপি ও সরকারি কর্মকর্তাদের মধ্যে ২৪ জন ডিভিশন পাননি, তবে ৩০ জন ডিভিশন সুবিধা পাচ্ছেন। এছাড়া সাবেক সংসদ সদস্য আছেন ৩৮ জন, সরকারি কর্মকর্তা ৭০ জন এবং অন্যান্য ১৩ জন।