ডিসেম্বরে নির্বাচন হলে অক্টোবরে তফসিল ঘোষণা: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজন করতে হলে অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে। সোমবার (১০ মার্চ) দুপুরে ঢাকার নির্বাচন কমিশন ভবনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।
সিইসি বলেন, “আমাদের একটি টাইমলাইন আছে—আর্লি ডিসেম্বরে নির্বাচন। তাই অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে। আমরা যেন টাইমলাইন মিস না করি, সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি। ব্রিটিশ হাইকমিশনারকেও আমরা এ বিষয়টি জানিয়েছি।”
বৈঠকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি, পর্যবেক্ষক নিয়োগ, ভোটার তালিকা, দল নিবন্ধন এবং কেনাকাটা নিয়ে আলোচনা হয়েছে। ব্রিটিশ হাইকমিশন বাংলাদেশের গণতন্ত্রের পথে উত্তরণে নির্বাচন কমিশনকে সহায়তা করতে চায় বলে জানিয়েছেন সিইসি।
নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও নির্বাচনী ট্রেন নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান উপদেষ্টা নিজেই ঘোষণা দিয়েছেন, নির্বাচন ডিসেম্বর অথবা জানুয়ারিতে হবে। অর্থাৎ, নির্বাচনের ট্রেনের হুইসেল বেজে গেছে।
তবে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানান সিইসি।