ইয়েমেনে হুতি–সৌদি সংঘাত ফের তীব্র আকার ধারণ করেছে।

ইয়েমেনের হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের লাহজ, তাইজ, আল-জাউফ, মারিব ও হাজ্জাহ প্রদেশের অন্তত ৫৪টি স্থানে বিমান হামলা চালিয়েছে। সৌদি কর্তৃপক্ষের দাবি, হুতিদের হামলায় খামিস মুসাইত, আবহা ও তায়েফে অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

হুতিদের দাবি, সৌদি বিমান হামলার পাল্টা জবাব হিসেবে তারা খামিস মুসাইতের কিং খালিদ বিমানঘাঁটির রাডার, রানওয়ে ও অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইয়েমেনে জোটের হামলায় দুই শিশুসহ অন্তত তিন বেসামরিক নাগরিক নিহত এবং কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জাতিসংঘ জানিয়েছে, চলতি মাসে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর ইয়েমেনে প্রায় ১ লাখ ২৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। হামলার আশঙ্কায় জেদ্দা, মক্কা ও তায়েফে জরুরি সতর্কতা জারি করেছে সৌদি সিভিল ডিফেন্স।

এদিকে কাতার সতর্ক করেছে, হরমুজের পর বাব আল-মান্দেব প্রণালিও বন্ধ হয়ে গেলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে।

Translate