প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও সূত্রে জানা গেছে, গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় সোমবার ভোরে ঘন কুয়াশার মধ্যে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ভোর ৬টা থেকে ৬টা ২৫ মিনিট পর্যন্ত চলা এ কর্মসূচিতে সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল জলিল ও সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন বলে ভিডিওতে দেখা যায়। তবে শ্রীপুর থানার ওসি মাজহারুল ইসলাম জানিয়েছেন, বিভিন্ন মাধ্যমে আবদুল জলিল দেশে নেই বলে জানা যাওয়ায় তার মিছিলে অংশ নেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তাকে খুঁজে বের করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।