গার্মেন্টস শ্রমিকের গড় হাতে পাওয়া মজুরি ২২ হাজার টাকা

পোশাকশিল্পে শ্রমিকদের প্রকৃত মজুরি নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। মালিকপক্ষের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের মজুরি কাঠামোতে চতুর্থ গ্রেডের একজন শ্রমিকের নির্ধারিত মজুরি ১২ হাজার ৫০০ টাকা হলেও ওভারটাইম ও অন্যান্য সুবিধাসহ মাস শেষে হাতে পান প্রায় ১৯ হাজার ৫২০ টাকা। সব গ্রেড মিলিয়ে শ্রমিকদের গড় টেক-হোম আয় ২২ হাজার ৫১ টাকা।

এই হিসাবের মধ্যে মাসে ৭৮ ঘণ্টা ওভারটাইম, উৎসব ভাতা, অর্জিত ছুটি নগদায়ন ও ৩০০ টাকা হাজিরা বোনাস অন্তর্ভুক্ত রয়েছে। তবে কারখানা ও ওভারটাইমের সুযোগভেদে প্রকৃত আয় কম-বেশি হতে পারে।

নতুন মজুরি নির্ধারণে শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকা দাবি করেছে। অন্যদিকে মালিকপক্ষ ১৫ থেকে ১৬ হাজার টাকার মধ্যে মজুরি নির্ধারণের প্রস্তাব দিতে পারে বলে আলোচনা রয়েছে। মালিকদের দাবি, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও রপ্তানি আয় কমে যাওয়ায় শিল্পের সক্ষমতা চাপে রয়েছে।

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বলছে, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও শিল্পের সক্ষমতা বিবেচনায় তথ্য-প্রমাণের ভিত্তিতে নতুন মজুরি নির্ধারণ করা প্রয়োজন।

Translate