ঢাকা মহানগরীতে অননুমোদিত হুটার, উচ্চ শব্দের হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে আগামী ১ ডিসেম্বর থেকে অভিযান চালাবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর আগে যানবাহনের মালিক ও চালকদের এসব সরঞ্জাম অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব সরঞ্জামের অনিয়ন্ত্রিত ব্যবহারে শব্দদূষণ, জনদুর্ভোগ ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত শব্দ নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে।
১ ডিসেম্বরের পর কোনো যানবাহনে এসব অননুমোদিত সরঞ্জাম ব্যবহার করতে দেখা গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সড়কে শৃঙ্খলা, নিরাপত্তা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে ডিএমপি নাগরিক, যানবাহনের মালিক ও চালকদের সহযোগিতা কামনা করেছে।