দক্ষিণ ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপ ও উপকূলীয় শহর বন্দর লেঙ্গেহতে মঙ্গলবার ভোরে একাধিক শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, হরমুজ প্রণালির নিরাপত্তা ও বাণিজ্যিক নৌযান চলাচলের সুরক্ষায় মার্কিন বাহিনী সম্প্রতি কেশম দ্বীপে একটি ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রকে লক্ষ্য করে আত্মরক্ষামূলক এ হামলা চালায়। ইরানি সংবাদ সংস্থাগুলো কেশম দ্বীপে অন্তত পাঁচটি বিস্ফোরণের নিশ্চিত করেছে। এমন এক সময়ে এ হামলার খবর এল, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে নতুন বড় সংঘাতের সম্ভাবনা কম এবং একটি চুক্তিতে পৌঁছানোর ইঙ্গিত দিচ্ছেন।