শনিবার (২৪ অক্টোবর) ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমণির জন্মদিন। একসময় জমকালো আয়োজনে জন্মদিন উদ্যাপন করলেও ২০২৩ সালে ‘নানাভাই’-এর মৃত্যুর পর থেকে দিনটি আর সেভাবে পালন করেন না তিনি। এবার শান্ত ও ঘরোয়া আয়োজনে জন্মদিন উদ্যাপনের পরিকল্পনা করেছেন এই অভিনেত্রী। আয়োজনের নাম দিয়েছেন ‘শিউলি সন্ধ্যা’।
গণমাধ্যমকে পরীমণি জানান, জীবনের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি বদলেছে। এখন সন্তান ও ক্যারিয়ারই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি চান শান্তি, প্রকৃত বন্ধুত্ব এবং এমন কিছু কাজ, যা তাঁকে মানুষের মনে বাঁচিয়ে রাখবে। তাঁর ভাষায়, বন্ধুর সংখ্যা কম হলেও সমস্যা নেই, যদি তাঁরা সত্যিকারের বন্ধু হন।
২০১৫ সালে শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পরীমণির। পরে ‘স্বপ্নজাল’, ‘বিশ্বসুন্দরী’ ও ‘গুণিন’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বিভিন্ন চরিত্রে নিজের দক্ষতার পরিচয় দেন তিনি।