আসন্ন ‘আইফা ২০২৭’-এর প্রচার উপলক্ষে মুম্বাইয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কারিনা কাপুর খানের সঙ্গে উপস্থিত হন বলিউড অভিনেতা সালমান খান। এ সময় পাপারাজ্জিদের উদ্দেশে সেলিব্রিটিদের ছবি তোলার ক্ষেত্রে ব্যক্তিগত সীমারেখা ও সম্মান বজায় রাখার বার্তা দেন তিনি।
ছবি তোলার সময় সালমান বলেন, পেছন দিক থেকে ছবি তোলার বিষয়ে যেসব অভিনেত্রী আপত্তি জানান এবং যাঁরা জানান না, তাঁদের অবস্থানের পার্থক্য আলোকচিত্রীদের বোঝা উচিত। তাঁর কথায়, ‘অন্তত এটুকু সম্মান তোমরা দিতেই পারো।’
এর আগে গত সেপ্টেম্বরে ‘বিগ বস ২০’-এর এক পর্বেও নারী তারকাদের আপত্তিকর কোণ থেকে ছবি তোলার সমালোচনা করেন সালমান। এ ধরনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি।
২০২৭ সালের ২২ ও ২৩ জানুয়ারি আবুধাবির ইয়াস আইল্যান্ডের ইত্তিহাদ অ্যারেনায় অনুষ্ঠিত হবে আইফা অ্যাওয়ার্ডসের ২৭তম আসর। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বরুণ ধাওয়ান, অনন্যা পান্ডে, করণ জোহর ও মণীশ পল।