উচ্চ আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও চট্টগ্রামের বিভিন্ন মহাসড়কে অবাধে চলাচল করছে সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক, টমটম ও ব্যাটারিচালিত রিকশা। এসব যানবাহনের কারণে দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি বাড়ছে। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-কক্সবাজার, চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে।
গত কয়েক মাসে চট্টগ্রাম-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছোট যানবাহনের সঙ্গে বাস, মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে একাধিক প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। চালকদের অভিযোগ, মীরসরাইয়ের বিভিন্ন ইউটার্নে পৃথক লেন না থাকায় দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়ছে।
চট্টগ্রাম অটোরিকশা ও অটো টেম্পো মালিক সমিতির দাবি, নিবন্ধিত অটোরিকশার বাইরে আরও প্রায় ৫০ হাজার অবৈধ সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে। যাত্রী কল্যাণ সমিতি ও পরিবহন মালিকদের প্রতিনিধিরাও আইন প্রয়োগের ঘাটতিকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আবছার বলেন, মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ হলেও রাজনৈতিক ও প্রভাবশালী মহলের কারণে কার্যকর ব্যবস্থা নেওয়া কঠিন হচ্ছে।