জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাই ও প্রতিবেদন তৈরিতে তিন সদস্যের উপকমিটি গঠন করা হয়েছে। তবে সংসদ ভবনের মূল স্থাপত্যশৈলী ও লুই আই কানের নকশা অক্ষুণ্ন রেখে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার ওপর গুরুত্ব দিয়েছে সংশ্লিষ্ট কমিটি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপকমিটির সদস্যরা হলেন সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ ও মারদিয়া মমতাজ।
সভায় সংসদ ভবন এলাকার বিদ্যুতের চাহিদা নিরূপণ, সোলার প্যানেল স্থাপনের উপযুক্ত স্থান চিহ্নিতকরণ এবং বিদ্যুতের ব্যবহার ও সিস্টেম লস কমানোর বিষয়ে আলোচনা হয়। সম্ভাব্য স্থানগুলোর মানচিত্র ও ত্রিমাত্রিক অ্যানিমেশন তৈরি করে পরবর্তী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বুয়েট বা অন্য কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানের মাধ্যমে সম্ভাব্যতা যাচাইয়ের সুপারিশ করা হয়।