সড়ক ও ফুটপাতে নির্মাণসামগ্রী রেখে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। রবিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে রিহ্যাব প্রতিনিধিদের সঙ্গে পর্যালোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, আসন্ন শুষ্ক মৌসুমে বায়ুদূষণ নিয়ন্ত্রণে নির্মাণস্থল ঘিরে রাখা, মাটি-বালুসহ নির্মাণসামগ্রী ঢেকে রাখা এবং যানবাহনে আচ্ছাদন নিশ্চিত করতে হবে। নির্মাণস্থল ও আশপাশে দিনে অন্তত দুইবার পানি ছিটানো এবং পরিবেশগত বিধিবিধান মেনে চলার ওপরও গুরুত্ব দেন তিনি। পাশাপাশি ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার বাড়ানোর আহ্বান জানান।
প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, ধুলাদূষণ নিয়ন্ত্রণের ব্যবস্থা প্রতিটি নির্মাণ প্রকল্পের নিয়মিত কার্যক্রমের অংশ করতে হবে। নির্মাণসামগ্রী ঢেকে রাখা, পানি ছিটানো ও বর্জ্য অপসারণ তদারকিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারণের পরামর্শ দেন তিনি।
সভায় রিহ্যাবের প্রতিনিধিরা ব্লকের গুণগত মান নিশ্চিত করা, ব্যবহার বাড়াতে সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় এবং ব্লকের ওপর ভ্যাট, কর ও কাঁচামাল আমদানি শুল্ক যৌক্তিকীকরণের প্রস্তাব দেন।