জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ও আলজেরিয়া। রবিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি।
মন্ত্রণালয়ের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিষয়ে সম্ভাব্য সমঝোতা স্মারক এবং জ্বালানিমন্ত্রীর আসন্ন আলজেরিয়া সফরের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
এ সময় দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ক আরও সুদৃঢ় করা, পারস্পরিক স্বার্থ রক্ষা এবং জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. জিয়াউল হক উপস্থিত ছিলেন।