কুমিল্লার লালমাইয়ে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৫) ধর্ষণের পর হত্যার অভিযোগে সিএনজিচালক সুমন মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সংবাদ সম্মেলনে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া জানান, প্রাথমিক তদন্তে এ ঘটনায় অন্য কারও সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি। তবে পূর্ণাঙ্গ তদন্ত চলছে।
পুলিশ জানায়, ৮ অক্টোবর লালমাই উপজেলার ভোরাজগৎপুর গ্রামের ধানখেতের পাশে তাজমিনের মরদেহ উদ্ধার করা হয়। সে কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তদন্তে জানা যায়, রাতে বাসায় ফেরার জন্য সিএনজিচালিত অটোরিকশায় ওঠার পর চালক তাকে নির্জন স্থানে নিয়ে যায়। পুলিশের ভাষ্য অনুযায়ী, সেখানে তাকে ধর্ষণ ও হত্যা করে তার আইফোন নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত।
৯ অক্টোবর চট্টগ্রাম থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য ও দেখানো স্থান থেকে তাজমিনের ব্যবহৃত আইফোন উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না এবং হত্যার পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।