কানাডার পুলিশের পোশাকে ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তৈরি হয়েছে কৌতূহল। তবে বাস্তবে পুলিশ বাহিনীতে যোগ দেননি তিনি। নতুন সিনেমা ‘ভায়োলেন্স’-এ কানাডার পুলিশের দক্ষ কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন এই অভিনেতা।
সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে কানাডায় গিয়ে সিনেমার শুটিংয়ে যোগ দিয়েছেন জায়েদ খান। বর্তমানে দেশটির বিভিন্ন লোকেশনে ছবিটির দৃশ্যধারণ চলছে। টানা শুটিং শেষ করে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
কামাল হোসেন বাবর পরিচালিত ‘ভায়োলেন্স’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন প্রকৌশলী হাফিজুর রহমান লিটন ও সাবরিনা চৌধুরী। এতে জায়েদ খানের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা শিরিন শীলা।