রাজধানীর মিরপুর-১০-সহ সব এলাকার ফুটপাত যেকোনো মূল্যে দখলমুক্ত করার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। শুক্রবার (৯ অক্টোবর) মিরপুরে জুলাই গ্রাফিতি রিমেক কার্যক্রমে অংশ নিয়ে তিনি বলেন, জনগণের হাঁটার পথ দখল করার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।
ফুটপাত দখলমুক্ত ও অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণের উদ্যোগ ঘিরে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগও করেন তিনি। এ সময় অটোরিকশা আন্দোলনে রাজনৈতিক দলের নেতাকর্মীদের অংশগ্রহণ এবং এ বিষয়ে কয়েকজন নেতার বক্তব্যের সমালোচনা করেন প্রশাসক।
মেট্রোরেলের পিলার থেকে ৭২ ঘণ্টার মধ্যে পোস্টার সরিয়ে গ্রাফিতি আঁকার কাজ চলছে জানিয়ে তিনি বলেন, এ উদ্যোগে কোনো রাজনৈতিক পক্ষপাত থাকবে না। দেশের আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা ব্যক্তিদের গ্রাফিতিতে স্থান দেওয়া হবে। পাশাপাশি সিটি করপোরেশনের উন্নয়নমূলক কাজে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।