মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় দোসার ভেতর মরা ইঁদুর পাওয়ার ঘটনায় লাইসেন্স স্থগিত হওয়ার পর হোটেল মালিককে ব্ল্যাকমেইল করে ২৫ লাখ রুপি চাঁদা দাবির অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২৪ সেপ্টেম্বর বরিভালির রাধাকৃষ্ণ হোটেলে মনসি আচার্য নামের ওই নারী মসলা দোসা অর্ডার করেন। পরে দোসার ভেতর মরা ইঁদুর পাওয়ার অভিযোগ ওঠে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ২৮ সেপ্টেম্বর ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন হোটেলটির লাইসেন্স স্থগিত করে।
এরপর হোটেল মালিককে ভিডিও আরও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ২৫ লাখ রুপি দাবি করা হয়। অভিযোগ অনুযায়ী, শেষ পর্যন্ত ৬ লাখ রুপিতে সমঝোতার কথা বলে নগদ ১ লাখ রুপি নেওয়া হয়।
পরে পুলিশের ফাঁদে আরও টাকা নিতে এসে ৩৬ বছর বয়সী মনসি অমিত আচার্য হাতেনাতে গ্রেফতার হন। এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করছে বরিভালি পুলিশ।
সূত্র: এনডিটিভি