গার্মেন্টস খাতের চেয়েও কুটির ও হস্তশিল্পে বেশি আয়ের সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, সঠিক প্রশিক্ষণ, প্রচার ও বিপণন সুবিধা নিশ্চিত করা গেলে ঘরে বসেই মানুষ কুটির শিল্পের মাধ্যমে সম্মানজনক আয় করতে পারে।
বুধবার রাজধানীর তেজগাঁওয়ে বিসিক আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘শরৎমেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, দেশীয় ঐতিহ্যবাহী পণ্যের চাহিদা এখনও রয়েছে। এসব পণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণ করা গেলে কর্মসংস্থানও বাড়বে, বিশেষ করে নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা বাড়বে।
গয়েশ্বর চন্দ্র রায় প্রশাসনিক জটিলতা কমিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সুবিধার জন্য ‘ফাইলের চাকা’ দ্রুত ঘোরাতে হবে।
বিসিকের আয়োজনে শরৎমেলা আগামী ১১ অক্টোবর পর্যন্ত চলবে। মেলায় শতাধিক স্টলে ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি হচ্ছে।