পরিবেশগত প্রভাব মূল্যায়ন (ইআইএ) শেষ হওয়ার আগেই নির্মাণকাজ এগিয়ে নেওয়ার অভিযোগে ফিনল্যান্ডে গুগলের দুটি ডেটা সেন্টারের কাজ সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
মুহোস ও কাজানি এলাকায় নির্মাণাধীন প্রকল্প দুটিতে গাছ কাটা, মাটির ওপরের স্তর সরানো ও সড়ক নির্মাণের মতো পরিবেশে বড় পরিবর্তন আনে—এমন প্রস্তুতিমূলক কাজ বন্ধ করতে বলা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী, ২৩ অক্টোবরের মধ্যে এসব কাজ বন্ধ করতে হবে।
মুহোসে প্রায় ৩৩০ হেক্টর এবং কাজানিতে প্রায় ২০০ হেক্টর জমিতে গাছ কাটার অভিযোগ উঠেছে। ফিনিশ অ্যাসোসিয়েশন ফর নেচার কনজারভেশন বলছে, এতে পরিবেশগত নিয়ম লঙ্ঘনের বিষয়টি স্পষ্ট হয়েছে।
গুগল জানিয়েছে, কর্তৃপক্ষের উদ্বেগ তারা বুঝতে পারছে এবং নির্দেশনা মেনে চলবে। প্রতিষ্ঠানটির দাবি, বন আইন মেনেই কাজ করা হয়েছে এবং জীববৈচিত্র্য রক্ষা ও ভূমি পুনর্বাসনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইআইএ প্রক্রিয়া চলমান রয়েছে এবং বছরের শেষ দিকে তা শেষ হওয়ার কথা।